আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইসিটি সেলের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বুধবার (৮ এপ্রিল) উপাচার্য দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য বলেন, আইসিটি সেল বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অফিস, যার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা সংশ্লিষ্ট বহু কার্যক্রম পরিচালিত হয়। এ কারণে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি অফিসের কাজের প্রতি যত্নবান হওয়া, সেবার মান বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপাচার্য আইসিটি সেলের পরিচালক, অতিরিক্ত পরিচালক, প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হন। তিনি ভর্তি কার্যক্রম, সিট বণ্টন, ইন্টারনেট সেবা, ই-মেইল ও ওয়েবসাইট ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী উপাচার্যকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান। সভায় উপস্থিত কর্মকর্তারা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ রোকন উদ্দীন ফারুকী, সিনিয়র ইন্সট্রাক্টর (ডেপুটি রেজিস্ট্রার) মোহাম্মদ ফোরকান, সিনিয়র কম্পিউটার প্রকৌশলী এস.এম আহসানুল করিম শিমুল।

