কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাতামুহুরী সেতু সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক থেকে স্থানীয় লোকজন নবজাতকটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন।
পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, নবজাতকটির জন্ম হয়েছে গত রাত বা ভোরে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নবজাতকের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পর শিশুটিকে চলন্ত গাড়ি থেকে সড়কের ওপর ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

