বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর রমনা পার্ক ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরোয়ার।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াটসহ সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বৈশাখী শোভাযাত্রায় নিরাপত্তার জন্য সামনে, পাশে ও পেছনে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং মাঝপথে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মুখোশ পরার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা অনলাইন অপপ্রচার ও গুজব প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করবে। নিরাপত্তার স্বার্থে ব্যাগ, মুখোশ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে এবং আতশবাজি নিষিদ্ধ থাকবে।
ডিএমপি কমিশনার জানান, রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।

