মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার :
নতুন এক প্রতারণার কৌশল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন নীলফামারীর জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। তার এমন সচেতনতা বার্তায় জলঢাকা উপজেলা সহ পুরো জেলায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
একমাত্র সচেতনতা এবং সতর্কতাই পারে প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করতে এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। সেইসাথে কোনো সন্দেহজনক কল পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওসি নাজমুল জানান, সম্প্রতি একটি চক্র মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে অভিনব পদ্ধতিতে প্রতারণা শুরু করেছে। প্রতারকরা হঠাৎ করেই অপরিচিত নম্বর থেকে ফোন করে নিজেদের সরকারি চাকরিপ্রাপ্ত ব্যক্তি হিসেবে পরিচয় দিচ্ছেন। অত্যন্ত নম্র ও আন্তরিক কণ্ঠে তারা বলেন, ভুলবশত চাকরির আবেদনপত্রে আপনার মোবাইল নম্বর যুক্ত হয়ে গেছে। ফলে চাকরির কনফার্মেশন মেসেজ ও ওটিপি আপনার মোবাইল ফোনে গিয়েছে। প্রতারকরা আবেগপ্রবণ ভঙ্গিতে অনুরোধ করে বলে, “ভাইয়া/আপু, দয়া করে ওটিপিটা বললে আমার চাকরিটা হয়ে যাবে। না হলে আমি বড় বিপদে পড়ে যাব।” অনেক ক্ষেত্রে কান্নাকাটিও শুরু করে তারা, যাতে ভুক্তভোগীর সহানুভূতি আদায় করা যায়।
ওসি নাজমুল আলম সতর্ক করে বলেন, সরল বিশ্বাসে কেউ যদি তার মোবাইলে আসা ওটিপি নম্বর প্রতারকদের দিয়ে দেন, তাহলে মুহূর্তের মধ্যেই মোবাইল ব্যাংকিং অ্যাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাতে পারেন। বিশেষ করে বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরও বলেন, ওটিপি কখনোই কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এটি সম্পূর্ণ গোপনীয় তথ্য। কেউ যতই অনুরোধ করুক বা আবেগ দেখাক, নিজের নিরাপত্তার স্বার্থে সচেতন থাকতে হবে।

