এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ইজারা বিহীন ধোপাজান নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বালুখেকো চক্র নতুন কৌশল অবলম্বন করেছে। পুলিশের চোখ ফাঁকি দিতে নানা পন্থা নিলেও শেষ রক্ষা হয়নি। অভিযানে বালুভর্তি একটি স্টিলবডি নৌকা আটক করেছে পুলিশ।
জানা যায়, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন সেখ (পিপিএম) যোগদানের পর থেকে অবৈধ বালু উত্তোলন, চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তার কঠোর অবস্থানের কারণে বালুখেকো ও চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে তিনি একজন নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ইজারা বিহীন ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি বড় স্টিলবডি নৌকা নিয়ে নদীপথে পালানোর চেষ্টা করে একটি চক্র। বিষয়টি জানতে পেরে ওসি রতন সেখ তাৎক্ষণিকভাবে এসআই টিপুকে ঘটনাস্থলে পাঠান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝি পালিয়ে গেলেও এসআই টিপু ও সঙ্গীয় ফোর্স বালুভর্তি স্টিলবডি নৌকাটি আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে ওসি মোঃ রতন সেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুখেকো চক্র পুলিশের চোখ ফাঁকি দিতে নতুন কৌশল গ্রহণ করেছিল। তবে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে অর্ধেক বালুভর্তি একটি বড় স্টিলবডি নৌকা আটক করা হয়েছে। নৌকার মালিকসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নদী রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত।

