মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে নেপালে। পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকার সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে।
রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত জরুরি মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এখন থেকে শনিবার ও রোববার ছুটি থাকবে।
সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল জানিয়েছেন, জ্বালানি সরবরাহে চাপ ও অনিশ্চয়তার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে দেশটিতে সাপ্তাহিক ছুটি ছিল শুধুমাত্র শনিবার।
নতুন নিয়ম অনুযায়ী, সরকারি দপ্তরগুলো এখন সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে, জ্বালানি সংকট মোকাবিলায় পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনের পরিবর্তে ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত পরিকল্পনা জানানো হয়নি।
প্রায় ৩ কোটি মানুষের দেশ নেপালে নিজস্ব তেল বা জীবাশ্ম জ্বালানির উৎস নেই। জ্বালানির জন্য প্রধানত প্রতিবেশী ভারতের ওপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব দ্রুতই দেশটিতে পড়ে।
এর মধ্যে গত বৃহস্পতিবার বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেপাল অয়েল করপোরেশন জানিয়েছে, মূল্য বাড়ানো সত্ত্বেও অন্যান্য জ্বালানি খাতে এখনো বড় ধরনের লোকসান বহন করতে হচ্ছে।

