দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর আবাহনী মাঠ-এ কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।
দলটির নেতারা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ছিল দলটি।
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “এক বছর পূর্তি উপলক্ষে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা এই আয়োজন করছি।
আজ বিকেল ৪টা থেকে শুরু হওয়া ইফতার মাহফিলে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংবাদিক এবং আন্দোলনের সহযোদ্ধারা অংশ নেবেন। অনুষ্ঠানে থাকবে চিত্রপ্রদর্শনী, ‘স্ট্রিট ওয়াল’ নামে একটি ধারাবাহিক প্রোমো এবং ফটো বুথ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর এবং ৩ মার্চ কুমিল্লায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এসব আয়োজনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও বিশিষ্টজনরা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।

