ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন আবেদন সংগ্রহের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল আবেদন গ্রহণের শেষ দিন। তবে সেদিন বিকেলে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে রাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন সময়সূচি প্রকাশ করা হয়।
ঘোষণা অনুযায়ী, নতুন করে ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন করা যাবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী জানান, অনেক আগ্রহী আবেদনকারী বিভিন্ন কারণে সময়মতো আবেদন করতে পারেননি। তাদের সুবিধার জন্যই সময়সীমা বাড়ানো হয়েছে।
মনোনয়ন ফরম অনলাইনে ও অফলাইনে—দুইভাবেই সংগ্রহ করা যাবে। অনলাইনে আবেদন করতে চাইলে আবেদনকারীদের nomination.ncpbd.org ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। অফলাইনে কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকের মাধ্যমেও ফরম পাওয়া যাবে।
দলটি ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। সাধারণ প্রার্থীদের জন্য ফরমের দাম ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শ্রমিক, কৃষক, কুলি ও মজুর শ্রেণির আগ্রহীদের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা।

