বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এনসিপি-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ সোমবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। মনিরা শারমিন: সেক্রেটারি, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা: প্রধান, আইনি সহায়তা বিষয়ক উপকমিটি।
এনসিপি সূত্র জানিয়েছে, বৈঠকে প্রধানত নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে চলমান বিতর্ক এবং বিরোধী দলগুলোর পক্ষ থেকে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ বা দিকনির্দেশনা চাইতে পারে দলটি।
বৈঠক শেষ করে যমুনার বাইরে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু এবং দলের পরবর্তী অবস্থান তুলে ধরা হবে।
এনসিপির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রেরিত এক বার্তায় এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ একই দিনে ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

