রাজধানীর আদাবর এলাকায় তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির নাম নাজিফা আক্তার।
পরিবারের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বায়তুল আমান হাউজিংয়ের রোড-১৭ এলাকায় বাসার সামনে খেলতে বের হয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শিশুটির খালা নাজমা বেগম জানান, নাজিফা এখনো স্পষ্টভাবে কথা বলতে পারে না এবং অপরিচিত কাউকে সহজে চিনতেও পারে না। ঘটনার পর পুলিশ আশপাশের কয়েকটি সড়কের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে।
এদিকে, পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কাছাকাছি একটি খালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান চালায়। তবে তাতেও শিশুটির কোনো খোঁজ মেলেনি।
ঘটনার বিষয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিশুটির পরিবার।

