আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামে সূর্যমুখী ফুলের বাগান ঘিরে সৃষ্টি হয়েছে প্রকৃতি প্রেমীদের ব্যাপক আগ্রহ। বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহে এলাকা যেন এক বিশাল গালিচায় পরিণত হয়েছে।
স্থানীয় কৃষক মো. বারু মিয়া ২ বিঘা জমিতে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করে এই বাগান গড়ে তুলেছেন। কৃষি অফিসের সহায়তায় করা এ চাষে ইতোমধ্যে ভালো ফলন এসেছে এবং লাভের আশাও দেখছেন তিনি।
মনোমুগ্ধকর এ বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শনার্থী ভিড় করছেন। দর্শনার্থীদের সুবিধার্থে বাগানে প্রবেশে ২০ টাকা টিকিট চালু করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় দুই হাজার টাকার বেশি আয় হচ্ছে বলে জানান বাগান মালিক।
দর্শনার্থীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের ছবি দেখে তারা এখানে এসেছেন। ফুলে ভরা বিশাল মাঠ দেখে তারা মুগ্ধ এবং স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন।
আখাউড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইল মুন্সি জানান, কৃষি প্রণোদনার আওতায় এ বছর সূর্যমুখী চাষে কৃষকদের বীজ, সারসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের মধ্যে সূর্যমুখী চাষের আগ্রহ বাড়ছে।


