ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এসে জাতীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ভাষণ রেকর্ড শেষে সিইসির কক্ষে কমিশনের সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দেশবাসীর উদ্দেশে তফসিল ঘোষণা করবেন সিইসি।
ইতোমধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

