বিগত সরকারের আমলে জাতীয় শিক্ষানীতিতে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাপক অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত “শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭২ সালের ড. কুদরত-ই-খুদা শিক্ষানীতি বর্তমান সময়ের জন্য যথেষ্ট নয়। যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হলে কারিকুলাম, ক্লাসরুম ও কনটেন্ট—এই তিন বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের ওপরও তিনি জোর দেন।
ববি হাজ্জাজ আরও বলেন, বিগত সময়ের শিক্ষানীতির কারণে আন্তর্জাতিক চাকরির বাজারে বাংলাদেশের জনশক্তি প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারেনি। দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার ঘাটতিই এর মূল কারণ।
তিনি বলেন, দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার ভিত্তি গড়ে তুলতে হবে এবং ভালো শিক্ষকদের পুরস্কৃত করা হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তিনি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

