সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রে গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা,যাতে নির্বাচনের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধের পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে,শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপিত ক্যামেরাগুলোর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে প্রতিটি কেন্দ্রের ভেতর ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
প্রশাসন জানিয়েছে,কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা গোলযোগের চেষ্টা হলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।
প্রতিটি ভোটকেন্দ্রে স্থায়ীভাবে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নিয়মিত টহলে থাকবে পুলিশের বিশেষ মোবাইল টিম। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। র্যাবের একাধিক টিম টহল ও বিশেষ নজরদারিতে নিয়োজিত থাকবে। সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবে বিজিবি। এছাড়া প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন,ভোটারদের নিরাপত্তা ও একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে কেন্দ্রগুলোতে নজরদারি আরও সহজ ও কার্যকর হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সাধারণ ভোটারদের আস্থা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

