রাজনৈতিক আদর্শ ও দলীয় অবস্থান অটুট রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।” তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
এর আগে বিকেলে রাজধানীতে দলের কার্যালয়ে এক সভায় বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ও জামায়াতের বাইরে একটি “সংস্কার জোট” গঠনের আলোচনা চলছে। তিনি জানান, জাতীয় নির্বাচনের আগেই এ জোট গঠনের প্রক্রিয়া এগোতে পারে।
জুলাই সনদ বাস্তবায়ন ও সম্ভাব্য জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “যদি জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তার দায় বিএনপি ও জামায়াতকেই নিতে হবে। দ্রুত বাস্তবায়নের পথ খুঁজে ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে।”
কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “কারও বুকের ব্যাজ বা প্রতীক দেখে নয়, সংস্কার জোটের পক্ষে বিবেচিত সিদ্ধান্ত নিতে হবে।”

