নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপসকে অবশেষে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে ঘিরে চলা নানা আলোচনা-সমালোচনার পর তাকে নরসিংদী থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে পদায়নের নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার প্রজ্ঞাপনের আলোকে মাসুদুল হাসান তাপসকে নরসিংদী থেকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে। গত ৪ মার্চ ২০২৬ তারিখে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে আরও বলা হয়েছে, আদেশ জারির তারিখ থেকেই তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নঈম জাহাঙ্গীরকে সাময়িকভাবে উপপরিচালকের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। নবনিযুক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান যোগদান না করা পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্বে উপপরিচালকের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মাসুদুল হাসান তাপস দীর্ঘদিন ধরে নরসিংদীতে কর্মরত ছিলেন। গত বছরের নভেম্বর মাসে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত তাকে নরসিংদী থেকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

