নরসিংদী-২ (পলাশ) আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নরসিংদী জেলা শাখা।
এক বিবৃতিতে এনসিপি নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন বলেন, “মানুষ ভোট দেয় গোপন ব্যালটে—কিন্তু ভোটের প্রচারণা হতে হবে প্রকাশ্যে ও স্বচ্ছভাবে। নরসিংদী-২ পলাশে আমরা লক্ষ্য করছি, জামায়াত প্রকাশ্যে কোনো অবস্থান না নিয়ে আড়ালে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও নৈতিকতার পরিপন্থী।”
তিনি আরও বলেন,“জামায়াত যদি জোটের শরিক হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে জোটের পক্ষে এসে কাজ করুন। আর যদি জোটের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সেটিও স্পষ্ট ঘোষণা দিয়ে জনগণের সামনে আসুন। গুপ্তভাবে কর্মীদের দিয়ে ভিন্ন প্রতীকে ভোট চেয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বেলাল হোসেন কঠোর ভাষায় বলেন,“এভাবে দ্বিমুখী নীতি অব্যাহত থাকলে জনগণের কাছে প্রতীয়মান হবে—জামায়াত কোনো আদর্শভিত্তিক রাজনৈতিক দল নয়, বরং তারা নিজেদের ঘোষিত আমিরের নির্দেশনাও মানে না। আদর্শের কথা বলে যারা রাজনীতি করে, তাদের আচরণেও সেই আদর্শের প্রতিফলন থাকতে হবে।”
শেষে তিনি বলেন,“নরসিংদী-২ পলাশের জনগণ বিভ্রান্ত রাজনীতি চায় না। আমরা স্পষ্টভাবে জামায়াতের কাছে দাবি জানাচ্ছি—আপনাদের অবস্থান পরিষ্কার করুন। জোটের পক্ষে নাকি বিপক্ষে, সেটা প্রকাশ্যে ঘোষণা দিন।”

