ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বৃহস্পতিবার সকাল ৯:১৫ মিনিটে কেন্দ্রে পৌঁছালে তার সমর্থকরা উৎসবমুখর পরিবেশ তৈরি করে হাঁস-হাঁস স্লোগান দিতে থাকে। কেন্দ্রে যাওয়ার পথে প্রায় ২ কিলোমিটার পথ ভেঙে নারী ভোটাররা বাড়ির সামনে দাঁড়িয়ে হাত তুলে তাকে শুভেচ্ছা জানান।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, তার নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছেন। তিনি জানান, দুইজন কর্মীকে পুলিশ গত রাতে আটক করেছে। রাতের দিকে তারা খেজুর গাছে সিল মারার কাজে পাহারায় ছিলেন, কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, “নওগাঁও ইউনিয়নে আমার দুই কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আশুগঞ্জে আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিস্তারিত জানিয়েছি।”
তিনি জানান, ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ও প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে তার পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও ডিসি-সহ সকলকে ৮টি কেন্দ্রে তালিকা পাঠানো হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রশাসনিক হস্তক্ষেপ বা অনিচ্ছাকৃত গরমিল ভোটারদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।
ভোটের পর রুমিন ফারহানা শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি আলাপ করে তাদের উৎসাহিত করেন এবং সুষ্ঠু ভোটগ্রহণের জন্য আশ্বাস প্রদান করেন।
রুমিন ফারহানা বলেছেন, “আমার প্রধান লক্ষ্য ভোটারদের নিরাপদ এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করা। যেকোনো ধরণের অনিয়ম বা হেনস্থার বিষয় আমি নজরদারি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি।”

