মোঃ তাইজুল ইসলাম, উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে কঠোর অবস্থান ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য এমপি আলিম। শপথ গ্রহণের পরপরই তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও জুয়া নির্মূলে “জিরো টলারেন্স” নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেন।
এমপি আলিম বলেন, “শরণখোলাকে মাদক ও জুয়ামুক্ত করতে প্রশাসনকে কঠোরভাবে কাজ করতে হবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সমাজকে রক্ষা করতে হলে এসব অপকর্মের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, শপথের পরদিনই ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষও তার সঙ্গে অংশ নেন।
স্বাস্থ্যসেবা খাতেও তিনি তৎপরতা শুরু করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসা সেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্থানীয়দের মধ্যে এমপি আলিমের এই কার্যক্রমে ইতিবাচক সাড়া পড়েছে। সচেতন মহল মনে করছেন, মাদক-জুয়া দমনে কঠোর অবস্থান ও পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ততা উপজেলার উন্নয়নে নতুন গতি আনবে।

