জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবেও তিনি সক্রিয় ছিলেন।
পরে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে এনসিপিসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পাশাপাশি বগুড়া জেলা এনসিপি কার্যালয়ে বাদ এশা দোয়ার আয়োজন করা হয়েছে।

