আল আমিন হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভা ৪ নং ওয়ার্ড ক্ষুদিরাম সরদার পাড়া এলাকার সুজিত মন্ডলের স্ত্রী স্বামী পরিত্যক্তা শিখা রানী (৪০) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ছেলে গোবিন্দ ঘোষ (১৯)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে ছেলে গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় তার ঘুমন্ত মায়ের উপর দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। শিখা রানীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় ভিকটিমের বাড়ির অন্যান্য লোকজন গোবিন্দ ঘোষ (১৯) কে ঘরের মধ্যে আটক রেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দিলে থানায় কর্মরত এস আই মোহাম্মদ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে ১টি রক্ত মাখা দা, বিছানায় পড়ে থাকা মাথার চুল, রক্তমাখা বিছানার চাদর জব্দ করে আসামি গোবিন্দ ঘোষ (১৯) কে হেফাজতে নেন। আসামি গোবিন্দ এর আগেও নেশা করার টাকার জন্য মায়ের সাথে ঝগড়া করেতেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

