নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী কন্যাশিশু তাবাসসুমকে হত্যার অভিযোগ উঠেছে তার মা আরিফা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে তার মা আরিফা বেগমকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগমের সঙ্গে আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার বিয়ে হয়। তাদের এই একমাত্র সন্তান তাবাসসুম। কয়েকদিন আগে আরিফা তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে শিশুটিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির গলায় আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।
নিহত শিশুর চাচা শামিম মোল্যা বলেন, “আমার ভাই বিদেশ থেকে জানায় তারা বাড়িতে আসবে। কিন্তু সকালে খবর পাই, আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে।”
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফা বেগম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

