জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ কক্সবাজার জেলায় মোট ৫৯৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে কক্সবাজার–২ আসনের কুতুবদিয়া ও কক্সবাজার–৪ আসনের উখিয়া উপজেলায়।
কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ১৮০টি কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চকরিয়া উপজেলায় ১৩০টি কেন্দ্রের মধ্যে ৭৩টি এবং পেকুয়া উপজেলায় ৪৭টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মহেশখালীতে ৮৬টি কেন্দ্রের ২৭টি এবং কুতুবদিয়ায় ৩৮টি কেন্দ্রের ৩২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে মোট ১৮২টি কেন্দ্রের মধ্যে ১০৯টি ঝুঁকিপূর্ণ। কক্সবাজার সদর উপজেলায় ৮২টির মধ্যে ৫০টি, রামুতে ৬৪টির মধ্যে ৩৫টি এবং ঈদগাঁওয়ে ৩৬টির মধ্যে ২৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১১৭টি কেন্দ্রের মধ্যে ৬৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে উখিয়ায় ৫৬টির মধ্যে ৪০টি এবং টেকনাফে ৬১টির মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, আমাদের মূল লক্ষ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করা। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, প্রিসাইডিং অফিসার এবং দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বডি অন ক্যামেরা বসানো হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব।

