এম এ আউয়াল আশিক, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের দায়ে তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন। এ সময় সিরাজদিখান থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করার অপরাধে মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার বনি আমিন ও লালনকে পৃথকভাবে ২ লাখ টাকা করে এবং ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

