মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জোৎকোল মাঠে এক কৃষকের দেড় বিঘা জমির পেঁয়াজ বীজ দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন শেখ সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের বাসিন্দা।
জানা গেছে, চলতি মৌসুমে আলাউদ্দিন শেখ বাণিজ্যিকভাবে মর্জোৎকোল মাঠে ১৫ বিঘা জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেন। ক্ষেতে ইতোমধ্যে পেঁয়াজ গাছে ফুল বের হয়েছিল, যা থেকে বীজ উৎপাদনের প্রস্তুতি চলছিল। তবে সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দেড় বিঘা জমির পেঁয়াজ গাছের ফুল কেটে নষ্ট করে দেয়। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দেখতে পান।
কৃষক আলাউদ্দিন শেখ জানান, তিনি হাইব্রিড, বেগম ও সুখসাগর জাতের পেঁয়াজ বীজ চাষ করেছেন। রাতের অন্ধকারে কে বা কারা পরিকল্পিতভাবে পেঁয়াজ ক্ষেতের ফুল কেটে ফেলেছে। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। বাকি ক্ষেত নিয়েও তিনি এখন শঙ্কায় রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জনি খান বলেন, কৃষকের পেঁয়াজ বীজ ক্ষেত নষ্ট করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এভাবে ক্ষতি হলে কৃষকরা পেঁয়াজ বীজ উৎপাদনে নিরুৎসাহিত হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে।

