রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. রফিক জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্টে তার অবস্থার অবনতি দেখা যায়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা ছিলেন। এতে ছিলেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলাম এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা।
ডা. রফিক আরও জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়।

