সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি ভাবে মাংস বিক্রয়ের নির্ধারিত স্থান থাকার পরেও ফার্নিচার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে অবৈধভাবে প্রধান সড়কের উপরে চৌকি বসিয়ে মাংস বিক্রয় করছেন কয়জন কসাই। এর প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বরাবর সহ উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীগণ।
অভিযোগ সূত্রে জানা যায়, মাংসের সাথে বিভিন্ন আবর্জনা থাকায় অতিরিক্ত মশা মাছির আবির্ভাব ঘটছে। যার ফলে পরিবেশ নোংরা ও দূষিত হচ্ছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, কসাইরা গ্রাম-গঞ্জে থেকে অসুস্থ গরু সংগ্রহ করে সেই গরুর মাংস বিক্রয় করছেন অবাধে। বিক্রয়ের পর অতিরিক্ত মাংস ফ্রিজে রেখে বাসী মাংস বিক্রয় করেন তারা। তারা আরও জানান, কিছু গরু অসুস্থ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে এমন অবস্থায় কম দামে ক্রয় করেন পরে সেই গরুর মাংস বেশি দামে বিক্রয় করেন কসাইরা। যদি পশু জবাইয়ের আইন মানতে বাধ্য করা যেতো, তাহলে হয়তো আমরা নিরাপদে গরুর মাংস ক্রয় করে খেতে পারতাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মীর কাওছার হোসেন জানান, পৌর বাজারের প্রধান সড়কের উপর চৌকি বসিয়ে মাংস বিক্রয়ের অভিযোগ পেয়েছি। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিসারকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

