সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে। জ্বর ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রমাগত রোগী আসছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,এখন পর্যন্ত অন্তত ২৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসা নিয়েছেন,যাদের মধ্যে পরীক্ষায় কয়েকজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সাম্প্রতিক আপডেট অনুযায়ী,মোট ৯ জনের শরীরে হাম পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৩ জন রোগী ভর্তি রয়েছেন,যাদের মধ্যে ২ জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এর আগে একই হাসপাতালে ৬ জন ভর্তি ছিলেন, যাদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি ছিল।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং নতুন করে আক্রান্ত শনাক্তের সম্ভাবনাও রয়েছে। প্রতিদিনই নতুন রোগী আসায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা জানান,হঠাৎ জ্বর,চোখ লাল হয়ে যাওয়া এবং পরে শরীরে লাল দানা বা ফুসকুড়ি দেখা দেওয়ায় তারা দ্রুত হাসপাতালে আসছেন। চিকিৎসকরাও এসব উপসর্গকে হামের প্রাথমিক লক্ষণ হিসেবে চিহ্নিত করছেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাস বলেন,হামের ঝুঁকি বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি। সর্দি,জ্বর,হাঁচি-কাশি এবং র্যাশ-এসব লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান,জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

