মোঃ শরিফ বিল্লাহ,ডোমার উপজেলা প্রতিনিধি:
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী অধ্যক্ষ আব্দুস সাত্তারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে সফলতা কামনা করে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
দল ও জোটের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। তিনি আগের মতোই সবার পাশে থাকবেন এবং জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। সুখে-দুঃখে মানুষের সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এছাড়া হিন্দু ধর্মাবলম্বীসহ দল-মত নির্বিশেষে যারা তাকে সমর্থন করেছেন এবং যারা করেননি—সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের ভালোবাসা ও সমর্থন তিনি চিরদিন স্মরণে রাখবেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

