তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে সরিয়ে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। পারিবারিক সামাজিক প্রতিষ্ঠান ‘মকবুল ফাউন্ডেশন’ এবং তরুণদের সংগঠন ‘হিলফুল ফুজুল’-এর যৌথ উদ্যোগে গ্রামজুড়ে বইছিল উৎসবের আমেজ।

বৈচিত্র্যময় তিন আয়োজন
এবারের ঈদ আয়োজনের মূল আকর্ষণ ছিল তিনটি ভিন্নধর্মী প্রতিযোগিতা:
১. রচনা প্রতিযোগিতা: ১ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৬২ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। বোর্ড পরীক্ষার আদলে কোড নম্বর ব্যবহার করে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ৯ জন বিচারকের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।

২. স্মৃতি পরীক্ষা: ঈদের দিন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতাটি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
৩. নামাজের পুরস্কার: শবে বরাতের পর থেকে পুরো রমজান মাস জামাতের সাথে সর্বোচ্চ নামাজ আদায়কারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

তারুণ্যের শপথ ও ম্যাগাজিন ঘোষণা
অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে সমাজ সংস্কারের লক্ষ্যে চারটি বিশেষ শপথ পাঠ করেন— সর্বদা সত্য বলা, মাদক থেকে বিরত থাকা, সমাজ ও দেশের কল্যাণে কাজ করা এবং বাল্যবিবাহ রোধ করা। এছাড়া বিজয়ীদের ১১টি লেখা নিয়ে একটি বিশেষ স্মৃতি স্মারক বা ম্যাগাজিন প্রকাশের ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে।
গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি
ইউনিভার্সাল ক্যাবল লিমিটেডের ডিরেক্টর মুফতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মুক্তাগাছা উপজেলার নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মানকোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. শহিদুল ইসলাম (তারা), সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. মোজাম্মেল হোসেন এবং অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব মো. এনামুল হক।
আয়োজন সম্পর্কে উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মো. ফরিদুল ইসলাম এবং সদস্য সচিব জনাব মো. মঞ্জুরুল হক বলেন,
“আমাদের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির ছোবল থেকে বাঁচিয়ে সৃষ্টিশীল কাজে উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করা।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম ও মাহবুবুল আলম সিফাত। তিন শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এই আয়োজনটি এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাপনী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মুক্তাগাছা মডেল মসজিদের খতিব মুফতি মো. লুতফর রহমান আরেফি।

