মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি :
হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল, চারদিকে ছড়িয়ে পড়ছে মিষ্টি সুঘ্রাণ। প্রকৃতিতে যেন মধুমাসের আগমনী বার্তা নিয়ে এসেছে আমের চোখজুড়ানো মুকুল। ময়মনসিংহের গৌরীপুর উপজেলাজুড়ে এখন এই মনোরম দৃশ্য।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত পাড়া-মহল্লায় ব্যক্তি উদ্যোগে লাগানো নানা জাতের আমগাছে গাছে দেখা মিলছে মুকুলের সমারোহ। গাছের ডালে ডালে নুয়ে পড়েছে রূপালি-হলুদাভ মুকুল, যা এলাকাজুড়ে ছড়াচ্ছে মন মাতানো ঘ্রাণ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,মাঘ মাসের শেষের দিকে আমগাছে মুকুল আসা শুরু হয়েছে। ইতোমধ্যে কিছু গাছ পুরোপুরি মুকুলে ছেয়ে গেছে, আবার কিছু গাছে নতুন করে মুকুল গজাচ্ছে। মুকুল আসার পর থেকেই গাছের বাড়তি পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন গাছের মালিকরা।
চলতি মৌসুমে আমের ফলন অনেকটাই নির্ভর করবে আবহাওয়ার ওপর। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষক ও আমচাষিরা। তবে এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড় মুকুলের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মুকুলে পোকামাকড়ের আক্রমণ রোধে নির্ধারিত মাত্রায় কীটনাশক স্প্রে করলে ক্ষতির সম্ভাবনা অনেকাংশে কমে যায়। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

