কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় সাগরপথে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে টেকনাফ স্টেশন কোস্ট গার্ড দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালায়।
অভিযানে একটি বসতবাড়ি থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, সংঘবদ্ধ মানবপাচার চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল।
উদ্ধারদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। মানব পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

