মালয়েশিয়ার জোহর রাজ্য থেকে সাজা শেষ হওয়া ৪৯ জন বাংলাদেশি নাগরিক সহ মোট ১১১ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ফেসবুক নোটিশে জানানো হয়, ফেরত পাঠানো এই ১১১ জন প্রবাসীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ছিলেন বাংলাদেশের (৪৯ জন)। এছাড়া তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে ছিল ইন্দোনেশিয়া (২৪ জন), নেপাল (১২ জন), পাকিস্তান (৯ জন), কম্বোডিয়া (৪ জন), ভারত (৪ জন), চীন (৩ জন) এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে নাগরিক।
প্রবাসীদের প্রত্যাবাসনের জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২ (কেএলআইএ), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মতো বিভিন্ন রুট ব্যবহার করা হয়েছে।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা অথবা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তায় মেটানো হয়েছে।
জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষ হওয়া বিদেশি বন্দিরা যাতে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান করতে না পারে, সেজন্য তারা নিয়মিতভাবে এই ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে।

