আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মাহবুব আলমের অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১০ লাখ টাকা বলে নির্বাচনী হলফনামায় দেখা গেছে।
মাহবুব আলম, যিনি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, পেশায় ব্যবসায়ী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে তার সম্পদের বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
হলফনামার তথ্য অনুযায়ী, মাহবুব আলম এমবিএ সম্পন্ন করেছেন এবং বর্তমানে প্রোপাইটরশিপ ব্যবসার মাধ্যমে ৭৬ লাখ টাকার মূলধনের মালিক। এ ছাড়া দুটি কোম্পানিতে তার শেয়ার রয়েছে যার বাজারমূল্য ১৯ লাখ ৯০ হাজার টাকা। অন্যান্য অস্থাবর সম্পদ হিসেবে তার কাছে রয়েছে ৮ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য।
তিনি গত অর্থবছরে প্রথমবারের মতো ১ লাখ ৫০ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন। হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১৫ লাখ টাকা। বর্তমানে তার হাতে নগদ ৩০ হাজার টাকা এবং চারটি ব্যাংক হিসাব মিলিয়ে ৫৪ হাজার ৬১২ টাকা জমা রয়েছে। সব মিলিয়ে অর্জনকালীন মূল্যে তার অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ টাকা হলেও বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।
মাহবুব আলমের পারিবারিক পরিচিতি অনুযায়ী, তিনি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান বর্তমানে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিবারের সন্তান মাহবুব আলম রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে অস্ট্রেলিয়ায় অবস্থান করেছিলেন।
সম্পদের উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে মাহবুব আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানকালে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং এ বছরই প্রথমবার আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

