এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ থেকে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১৪। নরসিংদী জেলার মাধবদী থানার গদাই গ্রাম থেকে র্যাব তাকে উদ্ধার করে। ৮ এপ্রিল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
র্যাব ও পুলিশ জানায় ৩০ মার্চ রাতে ওই ছাত্রীকে বকশীগঞ্জ থেকে অপহরণ করে রোমান মিয়া(২০) নামে এক ব্যাক্তি।
৫ এপ্রিল এ বিষয়ে ছাত্রীর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪।
তদন্ত চলাকালে র্যাব নির্ভরযোগ্য সূত্র মোতাবেক নরসিংদী জেলার মাদবদী থানার গদাই গ্রামে অভিযান চালায়। অভিযানে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। একই সময় ঘটনার মূল হোতা রোমার মিয়াকে আটক করে।
এব্যাপারে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, ভিকটিম ও আটক আসামীকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে।

