মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের শিবচর পৌরসভায় অবৈধ ও মানহীন ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
শিবচর পৌর এলাকার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল থেকে শিবচর পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও শিবচর পৌর প্রশাসক শাইখা সুলতানা। বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন।
অভিযান চলাকালে একাধিক ক্লিনিকে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। কোথাও ছিল না নিবন্ধন সনদ, আবার কোথাও স্বাস্থ্যবিধির চরম অবহেলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে সেবা দেওয়া হচ্ছিল।
অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং দক্ষ জনবলের ঘাটতির মতো গুরুতর অভিযোগও উঠে আসে।
নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা। ১২টি প্রতিষ্ঠানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একজন হাতুড়ে চিকিৎসকসহ মোট ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে জরিমানাকৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শিবচর এইচ বি ডায়াগনস্টিক সেন্টার, শিবচর মেডিপ্যাথ হাসপাতাল, শিবচর সেবা ডায়াগনস্টিক সেন্টার, শিবচর ইউনাইটেড হাসপাতাল, শিবচর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, ৭১ ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, খান ক্লিনিক, হীরা পান্না হাসপাতাল, শরিফ ডায়াগনস্টিক সেন্টার ও সূর্য ডায়াগনস্টিক সেন্টার।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “জনস্বার্থ রক্ষা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ও অনিয়মকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ থাকলেও দৃশ্যমান পদক্ষেপ ছিল না। এ অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।


