মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-১ ( শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী ‘জাহাজ’ প্রতীকের কামাল জামান নুর উদ্দিন মোল্লা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর উপজেলার শিবরায়ের কান্দিতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অসহযোগিতামূলক আচরণ করেছে। নির্বাচনের দিন তার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছেন। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকেও সহযোগিতা পাননি বলে উল্লেখ করে বলেন, প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সহায়তা করেছে এবং শুরু থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
কামাল জামান নুর উদ্দিন মোল্লা আরও বলেন, পুলিশ প্রশাসন তাদের বিরোধিতা করেছে এবং নেতাকর্মীদের হয়রানি করেছে। ভোটের দিন ভোটারদের অন্যদিকে প্রবাহিত করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রশাসন আমাদের কোনোভাবেই সহযোগিতা করেনি। তারপরও আমার নেতাকর্মীরা ধৈর্য ধরে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করেছেন।
সংবাদ সম্মেলনে তার সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শিবচর উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান ও শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর তিনি কেঁদেফেলেন , এরপর সমর্থকদের বুকে জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে বলেও ইঙ্গিত দেন।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকব আপনাদের সঙ্গেই আছি। আপনারা সকল বিষয় আমার সঙ্গে শেয়ার করবেন। আমি হেরে যাইনি, আমাদের ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে-এর দায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।
আমার সমর্থকরা আমাকে ভোট দিয়েছেন। আমি সেই ভোট রক্ষা করতে ব্যর্থ হয়েছি প্রশাসনের কারণে। প্রশাসনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।


