নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ নির্বাচনে বিপুল জয় অর্জনের পর হাতিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আয়োজিত বিজয়ী পথসভায় তিনি বলেন, “আমাদের পুরো হাতিয়া যে ঐক্য দেখিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, এটাই আমাদের জয়। যারা মনে করেছে দল ক্ষমতায় এসেছে, তাই যা ইচ্ছা তা করতে পারবে—তাদের আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সরকার তারেক রহমান হোক, হাতিয়ার সরকার আমরা।”
পথসভায় তিনি আরও বলেন, “হাতিয়াবাসী সন্ত্রাসীদের জবাব দিয়েছে। মা–বোনেরা সড়ক দিয়ে যেতে পারছিল না, তবু জমি পার করে গিয়ে ভোট দিয়েছে। অনেক রিকশাওয়ালাকে পিটিয়েছে, কিন্তু তিনি আবার সেই রিকশা নিয়ে ভোট দিয়েছেন। আমরা কোনও সংঘাত চাই না, আমাদের শান্তি দরকার। চাঁদাবাজি বা ধান্দাবাজির বিরুদ্ধে আমরা সর্বপ্রথমে দাঁড়াবো—যে দলেরই হোক।”
বিজয়ী নেতা আরও বলেন, “হাতিয়ার মানুষ বহু লাঞ্ছিত ও নিপীড়িত হয়েছে। এবার তাদেরকে নির্যাতনের সুযোগ নেই। আমরা হাতিয়ার মানুষকে বাঁচাবোই, ইনশাআল্লাহ। আমরা ঘাট সিন্ডিকেটও বন্ধ করেছি এবং ভবিষ্যতেও এটি বন্ধ থাকবে। আগামী সাড়ে তিন মাসের মধ্যে ১১.৫ কিলোমিটার কাজ সম্পন্ন করতে চেষ্টা করবো।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯১,৮৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পান ৬৪,০২১ ভোট। বাকি ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

