আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নতুন এক অর্জনের পালক যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের অভিনয় অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিত্ব দিলারা জামানের মুকুটে। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নেওয়া এই একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রীকে এবার ‘আজীবন সম্মাননা’ প্রদান করছে গ্লোবাল স্টার কমিউনিকেশন।
আগামী শনিবার (৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
গ্লোবাল স্টার কমিউনিকেশনের চতুর্থ সিজনের এই আয়োজনে দিলারা জামান ছাড়াও শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা, আইন, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও ওটিটিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও ১৫ জন গুণী নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে থাকবেন চিত্রনায়িকা রোজিনা, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেবেকা সুলতানা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. নাজমা বেগম নাজু।

