স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, প্রায় দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনেক, যা পূরণের জন্য নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন দ্রুত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার কার্যকর করার আগে অগ্রাধিকার নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা সম্ভব হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অর্থমন্ত্রণালয়ের বাজেট অনুমোদন নিশ্চিত করতে হবে। নতুন জনবল এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
তিনি বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা আবশ্যক। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকল সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুত করার নির্দেশও দেন মন্ত্রী।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ অন্যান্য দফতর-সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

