মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত শেষ দেখতে চায় রাশিয়া। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে ক্রেমলিন—এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য প্রকাশ করে।
রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নিয়মিত কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ওইদিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে কথা বলার কথা রয়েছে পুতিনের।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরান সংশ্লিষ্ট উত্তেজনা কমাতে রাশিয়া সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, প্রয়োজনে সামরিক পরিস্থিতিকে দ্রুত শান্তিপূর্ণ পথে ফিরিয়ে আনতে রাশিয়া ভূমিকা রাখতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইরান ইস্যুতে দেওয়া বক্তব্য এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরে দাঁড়ানোর মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ এসব কথা বলেন। একইসঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, ন্যাটোকে রাশিয়া এখনো ‘শত্রুভাবাপন্ন জোট’ হিসেবেই দেখে।

