রাজশাহী প্রতিনিধি :
পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী নগরীর পবা রাইসমিলপাড়ার যুবক সাব্বিরকে হত্যার ৫ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মতিহার থানার ডগারহাট এলাকা থেকে জাসনকে গ্রেপ্তার করে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা।সাব্বির হত্যার পর জাসন নগরীর মতিহার থানার ডগারহাট এলাকায় পালিয়ে যায়। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাসন সাব্বিরকে হত্যার সাথে সরাসরি জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
রাত সাড়ে ১০টায় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাব্বিরকে হত্যার পর হত্যাকারীকে গ্রেপ্তারে কাজ শুরু করে র্যাব। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে জাসন নগরীর মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার সন্ধ্যার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এরআগে দুপুরে শত্রুতার জের ধরে জাসন সাব্বিরকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাব্বির নগরীর শাহমখদুম থানার পবা রাইস মিলপাড়ার হোটেল ব্যবসায়ী শাহিন ইসলামের ছেলে। গ্রেপ্তার জাসন একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে। জাসন মাদকাসক্ত যুবক। মূলত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলো মাদকাসক্ত জাসন। গত মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে বুকে ছুরি মেরে পালিয়ে যায় জাসন। এতে সাব্বিরের মৃত্যু হয়।

