জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে। এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে জানান, এই আইনের মাধ্যমে জুলাই-আগস্টের রাজনৈতিক প্রতিরোধে অংশ নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে এবং নতুন কোনো মামলা করা হবে না।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের বীররা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য দায়মুক্তি পাওয়ার অধিকার তাঁদের রয়েছে।” তিনি আরও জানান, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোথাও মামলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আইন উপদেষ্টা উল্লেখ করেছেন, এই আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উদাহরণ হিসেবে তিনি আরব বসন্ত ও সমসাময়িক অন্যান্য বিপ্লবের কথা উল্লেখ করেছেন, যেখানে গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় এ ধরনের আইন করা হয়েছে।
সংবিধান অনুযায়ীও অধ্যাদেশটির যৌক্তিকতা রয়েছে। অধ্যাপক নজরুল জানান, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদ এ ধরনের দায়মুক্তি আইনের স্পষ্ট বৈধতা প্রদান করে।

