মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ):
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের হাজিরার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।সংবাদ অনলাইন থেকে প্রাপ্ত।রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগসমূহ তুলে ধরেন এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন।
পরে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নির্দেশে পুলিশ কর্মকর্তাদের নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন জুলাই আন্দোলনের যোদ্ধা ছিলেন, যাকে খুব কাছ থেকে মাথা ও বুকে গুলি করে এক এসআই মৃত্যু নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাসহ মোট ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।এ মামলায় বর্তমানে তিনজন আসামি গ্রেপ্তার রয়েছেন। বাকি ছয়জনকে গ্রেপ্তার করে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন গৌরীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগ নেতা সানাউল।

