জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার এলাকায় যুবদল নেতা হাফিজুর রহমান সুমন (৪১) হত্যাকাণ্ডের মামলায় তদন্ত শেষে পুলিশ ৬৮ আসামির মধ্যে ৫৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মামলার এজাহারনামীয় অন্য ১১ জন ও তদন্তে পাওয়া চার জনকে আসামি করা হয়েছে।
পুলিশের অ্যান্টি–টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান খাঁন গত ৩০ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন। ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আগামী ৮ মার্চ অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।
অভিযোগপত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া হাফিজুর রহমান সুমনের হত্যায় সরাসরি অংশ নেওয়া আটজনকেও অভিযুক্ত করা হয়েছে।
মামলার সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট হাফিজুর রহমান সুমন ও তাঁর ভাগনে আবদুর রহমানের ওপর আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালান। এ সময় সুমন ও রহিমকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট সুমন মারা যান।
বাদী বীথি আক্তার অভিযোগপত্র প্রসঙ্গে বলেন, “মামলার তদন্তের সময় আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু অভিযোগপত্রের বিষয়ে আমরা কিছু জানি না।”

