নরসিংদীতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ ছয়জন প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এতে জুলাই আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য এবং সংশ্লিষ্ট আইনজীবীরা অংশ নেন।
শুনানিতে ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
চিফ প্রসিকিউটর বলেন, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সত্য উদঘাটনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং তদন্তে তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের গণশুনানি তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

