সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণা,অর্থ আত্মসাৎ এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে শনিবার (২৮ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করেন কাতারপ্রবাসী সুব্রত চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী জানান,তার ভাই সুকান্ত চক্রবর্তীকে ফ্রান্সে পাঠানোর আশ্বাস দিয়ে প্রথমে ৩ লাখ টাকা নেন বিকুল চক্রবর্তী। পরে শিক্ষা সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার কথা বলে আরও কয়েক দফায় অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কিন্তু জমা দেওয়া নথি জাল প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ফ্রান্স দূতাবাস ভিসা আবেদন বাতিল করে। এরপর চুক্তি অনুযায়ী টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
তিনি আরও অভিযোগ করেন,গত ১০-১১ বছরে প্রবাসে থাকার সময় বিকুল চক্রবর্তী সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড-যেমন শীতবস্ত্র বিতরণ, শিক্ষাসামগ্রী প্রদান ও ইফতার আয়োজনের কথা বলে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। পাশাপাশি বিদেশ থেকে আনা স্বর্ণের চেইন,মোবাইল ফোন ও ডিএসএলআর ক্যামেরার মূল্যও পরিশোধ করা হয়নি। সব মিলিয়ে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন তিনি।
সুব্রত চক্রবর্তী বলেন,বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেও কোনো ফল পাওয়া যায়নি। বরং টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়। দেশে ফিরে পাওনা টাকা চাইতে গেলে তার বাসায় হামলার ঘটনাও ঘটে,যার ভিডিও সিসিটিভিতে ধারণ করা আছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানির অভিযোগও তোলেন তিনি।
তিনি আরও বলেন,বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও সম্মাননা প্রদানের নামে একটি প্রতারণার ধারা তৈরি করা হয়েছিল। এমনকি তার মায়ের কাছ থেকেও বিভিন্ন সময়ে অর্থ নেওয়া হয়েছে বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী তার কষ্টার্জিত অর্থ ফেরত,মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তার মা আরতি চক্রবর্তী উপস্থিত ছিলেন।
অভিযুক্ত বিকুল চক্রবর্তী বর্তমানে একুশে টেলিভিশন (ইটিভি) এবং বিডিনিউজ২৪-এর মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

