মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিতসহ রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নের দাবিতে বরিশালের উজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উজিরপুর উপজেলা প্রশাসন কার্যালয়ে ইউএনও মো. আলী সুজার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, উজিরপুর উপজেলার পক্ষে সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুমের নেতৃত্বে সাংবাদিক নাজমুল হক মুন্না ও আসাদুজ্জামান সোহাগ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে রাষ্ট্রীয়ভাবে ‘সাংবাদিক সপ্তাহ’ ঘোষণা, মফস্বল সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট সুরক্ষা নীতিমালা প্রণয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত মফস্বল সাংবাদিকরা নিয়মিত হামলা, মামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনের সময় তারা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেই।
স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়—
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন,
মফস্বল সাংবাদিকদের জন্য পৃথক সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন,
সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা,
এবং মিথ্যা মামলা ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
ফোরামের নেতারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।

