এম এ আউয়াল আশিক, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল এএসপি মোঃ আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।
অভিযানকালে ঘটনাস্থলে মাটি কাটার সুস্পষ্ট আলামত পাওয়া যায়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয়। পাশাপাশি মাটি কাটার সঙ্গে জড়িতদের অস্থায়ী ছাউনি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রশাসন ও পুলিশ যৌথভাবে অবৈধ মাটি কাটা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

