চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমন অভিযানে অংশ নিয়েছে যৌথবাহিনী, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য রয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোরে অভিযান শুরু হয়। প্রথমে ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্পট শনাক্ত করা হয়। এরপর সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড এবং ভারি অস্ত্রসহ একাধিক যানসহ যৌথবাহিনী জঙ্গলে প্রবেশ করে। অ্যাম্বুলেন্সও অভিযানে প্রস্তুত রাখা হয়।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত করতে এই অভিযান চালানো হচ্ছে। এতে অংশ নিয়েছে সেনাবাহিনী, র্যাব-৭, র্যাব-১১, র্যাব-১৫, চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের পুলিশ এবং বিজিবি সদস্যরা।
জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনী পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায়ের আধিপত্য বিস্তার করায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এর আগে ১৯ জানুয়ারি ইয়াসিন গ্রুপের প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে গিয়ে র্যাবের সঙ্গে সংঘর্ষ ঘটে, যেখান থেকে চারজনকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয় এবং এক র্যাব কর্মকর্তা নিহত হন।
প্রায় ৩,১০০ একর বিস্তীর্ণ এই পাহাড়ি এলাকায় ২০–২৫ হাজার বাড়ি রয়েছে, যেখানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের কাছে ‘নিরাপদ স্বর্গরাজ্য’ হিসেবে পরিচিত।

